ফিলিপ গর্ডন ওবামার মধ্যপ্রাচ্যবিষয়ক নতুন সমন্বয়ক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও উপসাগরীয় অঞ্চলের জন্য একজন নতুন সমন্বয়ক নিয়োগ দিয়েছেন। গত শনিবার হোয়াইট হাউস এক ঘোষণায় জানায়, নবনিযুক্ত সমন্বয়ক ফিলিপ গর্ডন ১১ মার্চ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।ওবামার নির্ধারিত ইসরায়েল, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের রামাল্লা ও জর্ডান সফরের দুই সপ্তাহ আগে এই নিয়োগ দেওয়া হলো। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন গর্ডনকে ওবামার পররাষ্ট্রনীতিবিষয়ক টিমের ‘গুরুত্বপূর্ণ সদস্য’ হিসেবে প্রশংসা করে বলেন, তিনি হবেন মার্কিন পররাষ্ট্রনীতি সমন্বয়ের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। গর্ডন ২০০৯ সালের মে থেকে ইউরোপ ও ইউরেশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গর্ডন ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ এবং ৫০টি দেশে মার্কিন নীতির দায়িত্ব পালন করেন।গর্ডন এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ওবামার পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এএফপি।