ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উসাগি
ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উসাগি। আবহাওয়াবিদেরা বলেছেন, এটি ২০১৩ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে। আজ শুক্রবার সকালে এটি তাইওয়ানের ৫৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ফিলিপাইনের ৩৬০ কিলোমিটার উত্তরে অবস্থান করছিল। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ঘূর্ণিঝড়টি সপ্তাহের শেষ দিকে চীনে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসা জানায়, উসাগির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে এবং সকালের দিকে এটি আরও শক্তিশালী হয়েছে। ফিলিপাইন সরকার দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে জলোচ্ছ্বাস, ভূমিধসসহ ঝড়ের সতর্কতা জারি করেছে। কিছু কিছু প্রদেশে জরুরি ও স্বাস্থ্য কর্মকর্তাদের প্রস্তুত রাখা হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো আজ সতর্কতা জারি করেছে এবং দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
গত আগস্টে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় উতোরের আঘাতে অন্তত দুজন নিহত হয়।