ফিলিপাইন সরকার ও বিদ্রোহীদের মধ্যে চুক্তি হতে যাচ্ছে
ফিলিপাইনের সরকার দেশটির সবচেয়ে বড় মুসলিম বিদ্রোহী দল মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে শিগগিরই একটি শান্তিচুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এ লক্ষ্যে এরই মধ্যে একটি পরিকল্পনাকাঠামোও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বেনিগনো একুইনো।এমআইএলএফের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ এই শান্তিচুক্তি করতে সম্মত হয়েছে। বিদ্রোহী দলটির একজন মুখপাত্র জানান, চুক্তির ব্যাপারে একমত হতে পারায় এমআইএলএফ অত্যন্ত সন্তুষ্ট। মালয়েশিয়ায় দীর্ঘ আলাপ-আলোচনার পরই দুই পক্ষ মতৈক্যে পৌঁছায়। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।চুক্তির কথা জানাতে গিয়ে এক ভাষণে প্রেসিডেন্ট একুইনো বলেন, চুক্তিসংক্রান্ত এই পরিকল্পনাকাঠামো মিনদানাও (ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর) এলাকায় শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত পথ তৈরিতে সাহায্য করবে।এমআইএলএফের রাজনৈতিক শাখার ভাইস প্রেসিডেন্ট ঘাজালি জাফর বলেন, ‘আমরা অত্যন্ত সন্তুষ্ট। চুক্তির জন্য আমরা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই।’ বিবিসি।