ফিলিপাইন সরকারের সঙ্গে বিদ্রোহীদের আলোচনা শুরু
ফিলিপাইন সরকার ও দেশটির মুসলিম বিদ্রোহী গোষ্ঠীর আলোচকদের মধ্যে গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শান্তি আলোচনা শুরু হয়েছে। চার দিনব্যাপী আলোচনা ফলপ্রসূ হলে চলতি সপ্তাহেই কাঙ্ক্ষিত চুক্তিটি সম্পাদিত হবে। অবসান হবে দীর্ঘ ৪০ বছরের বিরোধের।শান্তি চুক্তিতে পৌঁছতে টানা ১৫ বছর ধরে এই আলোচনা চলছে। কিন্তু সহিংসতার কারণে বারবার সেই আলোচনা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত চুক্তিতে পৌঁছলে প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো সরকারের জন্য এটি হবে বিশাল সফলতা। মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী, মিন্দানাও দ্বীপ মুসলমানদের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হবে। ফলে গোষ্ঠীটির হাতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। মিন্দানাওয়ের প্রাকৃতিক সম্পদের রাজস্ব আয়ে অর্জিত হবে অংশীদারত্ব। এ ছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমআইএলএফ।চুক্তি সম্পাদনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এমআইএলএফের প্রধান আলোচক মোহাঘের ইকবাল বলেন, ‘পথ বেশি দূরে নয়। কিন্তু আমরা সেই পথে পৌঁছব কি না, তা বলাও কঠিন। তবে আমরা এর খুবই কাছাকাছি।’ তিনি বলেন, সর্বশেষ আলোচনায় কিছু বিষয় এখনো মীমাংসিত হওয়ার আছে, বিশেষ করে নতুন রাজনৈতিক ক্ষমতার আকার, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সম্পদের ভাগাভাগির মতো বিষয়গুলো আগে নিষ্পত্তি করতে হবে। রয়টার্স।