ফিলিপাইনে অ্যাকুইনো প্রেসিডেন্ট নির্বাচিত
ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট হিসেবে সে দেশের সবচেয়ে পুরোনো গণতন্ত্রপন্থী দল লিবারেল পার্টির প্রার্থী বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রায় এক মাস আগে নির্বাচন অনুষ্ঠিত হলেও গতকালই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। আজ বুধবার পার্লামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বেনিগনো অ্যাকুইনোর নাম ঘোষণা করার কথা। বেনিগনো তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করার ঘোষণা দেওয়ায় ভোটাররা তাঁকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।পূর্ণাঙ্গ ফলাফল অনুযায়ী বেনিগনো পেয়েছেন এক কোটি ৫২ লাখ ভোট। অর্থাৎ নির্বাচনে প্রদেয় ভোটের প্রায় ৪০ শতাংশই তাঁর সমর্থনে পড়েছে। ফিলিপাইনের সমকালীন নির্বাচনের ইতিহাসে এত ভোট পেয়ে আর কেউ জয় পাননি। বেনিগনোর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা পেয়েছেন ৪৭ লাখ ভোট।টানা এক দশক ক্ষমতায় থাকার পর বর্তমান প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো ৩০ জুন ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়াসহ নানা কারণে গত কয়েক বছরে অ্যারোইয়োর জনপ্রিয়তায় ধস নামে। সে কারণেই এ নির্বাচনে তাঁর দল লাকাস কামপি সিএমডির ভরাডুবি হয়।নির্বাচনের পরের দিন বেনিগনো অ্যাকুইনো এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে জনগণকে জানিয়েছি, আমি কখনোই (রাষ্ট্রীয় সম্পদ) চুরি করব না।’ফিলিপাইনের প্রভাবশালী ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে বেনিগনোর জন্ম। তাঁর বাবা বেনিগনো ‘নিনয়’ অ্যাকুইনো দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ১৯৮৩ সালে তৎকালীন একনায়ক ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে আন্দোলন করতে নির্বাসন থেকে দেশে ফেরেন। কিন্তু ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাঁকে গুলি করে হত্যা করা হয়। তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী কোরাজন অ্যাকুইনো লিবারেল পার্টির হাল ধরেন এবং তাঁর নেতৃত্বে ১৯৮৬ সালে এক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মার্কোস ক্ষমতাচ্যুত হন। এরপর কোরাজন ছয় বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।সমালোচকেরা বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর তাঁর মা-বাবার মতো রাজনৈতিক ভাবমূর্তি নেই। গত আগস্ট মাসে তাঁর মা কোরাজন মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি নিজেই স্বীকার করেছেন প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা তাঁর নেই। তাঁরা বলছেন, কোরাজনের মৃত্যুর কারণে আবেগতাড়িত হয়ে বহু ভোটার তাঁর ছেলে হিসেবে বেনিগনোকে ভোট দিয়েছেন। তবে বেনিগনো দেশের অর্থনৈতিক অবকাঠামো সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা সবাইকে উদ্দীপ্ত করেছে। এএফপি।