ফিলিপাইনে আজ জাতীয় নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে আজ সোমবার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টের দুই কক্ষের সদস্য, প্রাদেশিক গভর্নর, মেয়র ও শহর কাউন্সিলর নির্বাচিত করবেন। আজকের নির্বাচনে সহিংসতা এড়াতে দেশজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এএফপি।দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে বর্তাবে, ফিলিপাইনের পাঁচ কোটি ভোটার আজ সে সিদ্ধান্ত নেবেন। নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়বে বলে মনে করা হচ্ছে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নয়জন, ভাইস প্রেসিডেন্ট পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেসিডেন্ট পদে যারা প্রার্থী হয়েছেন তাঁদের মধ্যেরয়েছেন লিবারেল পার্টির বেনিগনো অ্যাকুইনো, ন্যাশনালিস্টা পার্টির ম্যানুয়েল ভিলার ও সাবেক, প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা। এর মধ্যে বেনিগনো নয়নয় অ্যাকুইনোর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। তিনি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর ছেলে। গত সপ্তাহে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, বেনিগনো অ্যাকুইনোর প্রতি ৩৯ শতাংশ থেকে ৪২ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।মায়ের মৃত্যুর পর গত আগস্টে বেনিগনো নয়নয় অ্যাকুইনো নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও দারিদ্র্য নিরসনের প্রত্যয় ব্যক্ত করে ইতিমধ্যেই তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন।বর্তমান প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো এবং সাবেক ফার্স্টলেডি ইমেলদা মার্কোস পার্লামেন্টের দুটি আসনের জন্য লড়ছেন। এ ছাড়া প্রাদেশিক গভর্নর, মেয়র ও শহর কাউন্সিলরসহ প্রায় ১৭ হাজার পদে ভোটাররা প্রার্থী নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দেশজুড়ে ৮০ হাজার ভোটগণনা মেশিন বসানো হয়েছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটায়, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আজ মধ্যরাত থেকেই বেসরকারি ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুতের সমস্যার কারণে ভোট গণনায় ব্যাঘাত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া কমিউনিস্ট ও মুসলিম গেরিলারা নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে দেশের এক প্রত্যন্ত অঞ্চলে গতকাল নির্বাচনী সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এঁরা প্রাণ হারান। এ ছাড়া কমিউনিস্ট গেরিলারা পাঁচটি ভোটিং মেশিন পুড়িয়ে দেয়।