ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ১০০

ফিলিপাইনে একটি শহরে ঘূর্ণিঝড় ‘হাইয়ান’-এর আঘাতে অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
তাকলোবান শহরের বিভিন্ন সড়কে নিহত মানুষের লাশ পড়ে আছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন।
ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের ছয়টি স্থানে আঘাত হানে। এখন তা ক্রমশ দুর্বল হয়ে ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে। কাল রোববার তা ভিয়েতনামে আঘাত হানতে পারে।
গতকাল শুক্রবার ভোরে ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় ‘হাইয়ান’ আঘাত হানে। এটিকে ফিলিপাইনে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৭৯ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ উপড়ে পড়েছে। বিভিন্ন প্রদেশের বিদ্যুত্ ও যোগাযোগ-ব্যবস্থা ব্যাহত হয়েছে। গুরুতর ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।