ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ১০ জন মারা গেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। হাজার হাজার লোক আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। গতকাল মঙ্গলবার ফিলিপাইনজুড়ে ঘূর্ণিঝড়সহ মুষল ধারে বৃষ্টি হয়েছে। মেগি এখন ফিলিপাইনের মূল ভূখণ্ড অতিক্রম করে চীনের দিকে ধাবিত হচ্ছে। গতকাল সে দেশের কর্তৃপক্ষ এ কথা জানায়। প্রবল বৃষ্টির কারণে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। লুজন দ্বীপের অন্য অংশে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ধারকর্মীরা প্রত্যন্ত অঞ্চলের আটকে পড়া গ্রামবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। ফিলিপাইনে রেডক্রসের মুখপাত্র অ্যালেক্স রোসেট জানান, পাঙ্গাসিনান প্রদেশে গত সোমবার চারজন মারা গেছে। এর মধ্যে তিনজন বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে এবং একজন বজ্রপাতে। প্রাদেশিক গভর্নর ফাউস্টিনো ডাই জানান, ইসাবেলা প্রদেশের উপকূলীয় মাকোনাকন শহরে ঘূর্ণিঝড়ের কারণে আরও তিনজন মারা গেছে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল এর আগে ফিলিপাইনের লুজন দ্বীপের উত্তরে তিনজনের মৃত্যুর খবর জানায়। এএফপি ও বিবিসি।