ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি, বহু নিখোঁজ
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় বোফার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৮ জনে পৌঁছেছে। ঝড়ের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ির নিচে চাপা পড়ে ও ভূমিধসে নিখোঁজ রয়েছে আরও কয়েক শ মানুষ। এদের অনেকে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, মিন্দানাও দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে গত মঙ্গলবার। গতকাল বুধবার উত্তরাঞ্চলে পালাওয়ান সৈকতের দিকে এটি ধেয়ে যাচ্ছিল। দেশটির আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, শুরুতে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। তবে তা রাতে কিছুটা শান্ত হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে আসে।সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল লিন্ডন পানিজা জানান, ঝড়ে মিন্দানাওয়ের পার্বত্য শহর নিউ বাতান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মারা গেছে ১৪২ জন ও নিখোঁজ রয়েছে ২৪১ জন। আর পার্শ্ববর্তী দাভাও ওরিয়েন্টাল প্রদেশে মারা গেছে ৮১ জন। বাকি ১৫ জন মারা গেছে অন্যান্য স্থানে।সমাজকল্যাণমন্ত্রী কোরাজন সোলিম্যান ঝড়ের ভয়াবহতা বর্ণনা করে বলেন, ‘উপকূলীয় শহর কাটিলে মাত্র কয়েকটি ভবন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সব ধ্বংস হয়ে গেছে।’ তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে এসব এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছাতে হবে। বিশেষ করে তাঁবু পৌঁছাতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। কেননা, এখানকার বেঁচে যাওয়া মানুষেরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।’নিহতদের মধ্যে অর্ধেকই পূর্ব উপকূল মিন্দানাও দ্বীপে ধসে পড়া মাটি ও বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে। সেখানকার বিভাগীয় সেনা কমান্ডার মেজর জেনারেল অ্যারিয়েল বারনার্দো বলেন, ‘আমরা নয়জন সেনাসদস্যসহ ৪৩ জনের লাশ উদ্ধার করেছি। আরও কেউ চাপা পড়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।’ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। নিয়মিত বিমান ও ফেরি চলাচলও বন্ধ রয়েছে। হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বিবিসি ও এএফপি।