ফিলিপাইনে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ
ফিলিপাইনে গতকাল সোমবার জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক ফল ঘোষণা করার ব্যাপারে আশাবাদ জানায়। তবে দেশটিতে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় ভোট গণনা-যন্ত্রে ভোট গ্রহণে ত্রুটি দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে ভোটের ফলের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রার্থী সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া ভোট চলাকালে সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।গতকাল ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দীর্ঘ হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়। এবারের নির্বাচনে সরকারের ১৭ হাজার পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ আশা করছে, আগামী দুই দিনের মধ্যে আনুষ্ঠানিক ফল ঘোষণা সম্ভব হবে। নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করার ব্যাপারে গতকাল রায় জানিয়ে দেন ফিলিপাইনবাসী।দেশটিতে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফিলিপাইনের গণতন্ত্রপন্থী নেত্রী কোরাজন অ্যাকুইনোর ছেলে বেনিগনো অ্যাকুইনো, সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা প্রমুখ। এ ছাড়া বিদায়ী প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো পার্লামেন্টে সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।বিবিসির প্রতিবেদক জানান, গতকাল ভোট গ্রহণ শুরু হওয়ার পর রাজধানী ম্যানিলায় নেমেসিও ইয়াবুট প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তাঁরা গরমের মধ্যেও ভোট দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যারিলিন ম্যাকালমা বলেন, তিনি আশা করছেন এই কেন্দ্রে সাড়ে ২২ হাজার ভোটার ভোট দেবেন। বিবিসির প্রতিবেদক জানান, ফিলিপাইনের ভোটারদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। এবারের নির্বাচনে প্রায় পাঁচ কোটি ভোটার নিবন্ধিত হয়েছেন।এদিকে ভোট দিতে গিয়ে অন্য ভোটারদের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী বেনিগনো অ্যাকুইনোকেও ভোগান্তির শিকার হতে হয়েছে। তিনি নিজ প্রদেশ তারলাকের একটি কেন্দ্রে ভোট দেন। ওই কেন্দ্রে স্বয়ংক্রিয় ভোট গণনা-যন্ত্রটিতে ত্রুটি দেখা দেওয়ায় তিনিসহ ভোটারদের প্রায় পাঁচ ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়।সংবাদকর্মীরা জানিয়েছেন, ভোট গ্রহণ উপলক্ষে ভোটকেন্দ্রগুলোর চারপাশে নিরাপত্তাব্যবস্থার কড়াকড়ি ছিল। কিন্তু কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে এক মেয়র পদপ্রার্থীর সমর্থকদের হামলায় দুজন মারা গেছে। জাম্বোয়াংগা সিবুগি প্রদেশে পুলিশ ও এক মেয়র পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া নর্থ কাতাবাতো প্রদেশের ভাইস গভর্নরের এক চাচাতো ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। রয়টার্স, বিবিসি।