ফিলিপাইনে ঝড় ও জলোচ্ছ্বাসে মৃতের সংখ্যা বেড়ে ৬৫২
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’ ও এর প্রভাবে স্মরণকালের ভয়াবহতম জলোচ্ছ্বাসে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৬৫২-এ দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও আট শতাধিক মানুষ। জলোচ্ছ্বাসে গৃহহারা হয়েছে কয়েক লাখ লোক।দুর্গত ব্যক্তিদের উদ্ধার এবং ত্রাণতৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। দেশটির সরকার ও রেডক্রস দুর্যোগ মোকাবিলায় বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।সরকারি সূত্র জানিয়েছে, গত শনিবার ভোরে বয়ে যাওয়া ঝড় ওয়াশির প্রভাবে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাসে ফিলিপাইনের দক্ষিণ এলাকার সব গ্রাম বিলীন হয়ে গেছে। ওই এলাকার বাড়িঘর ও সেতু ধসে পড়েছে। মিন্দানাও দ্বীপের উত্তরের উপসাগরীয় এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণতৎপরতা চালিয়ে যাচ্ছেন ২০ হাজার সেনাসদস্য। কাগায়ান দ্য ওরো এবং ইলিগান বন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।রেডক্রস ৬৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ছাড়া ৮০৮ জন লোক এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কাগায়ান দ্য ওরো শহরের মেয়র ভিসেন্টি ইমানো আশঙ্কা করে বলেছেন, শুধু তাঁর শহরেই নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে। সেখানকার মোট অধিবাসীর সংখ্যা প্রায় পাঁচ লাখ। শহরের বাসিন্দা ইভাঞ্জেলিন কুইডের বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। যখন টের পেয়েছি, ততক্ষণে কোমরসম পানি জমে গেছে। এ সময় তাড়াতাড়ি আমারা ঘর থেকে বের হয়ে পড়ি। পরে উঁচু কোনো স্থানের সন্ধান করতে করতে একটি বিলবোর্ডের ওপর উঠে পড়ি। স্থানীয় ফ্রিল্যান্স সাংবাদিক লিওনার্দো ভিসেন্টি কোর্যালস জানান, স্থানীয় হাসপাতালগুলোর শবকক্ষে অজ্ঞাত লাশের স্তূপ জমা হচ্ছে। পানিতে ডুবে মৃত্যু হওয়ায় এবং গায়ে কাদা লেগে থাকায় লাশগুলোতে দ্রুত পচন ধরে যাচ্ছে। এ ছাড়া লাশ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান, কফিন এবং পরিষ্কার পানিও নেই। সাংবাদিক কোর্যালস আরও জানান, সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শহর কর্তৃপক্ষ সুপেয় পানি সরবরাহের যে ব্যবস্থা নিয়েছে, তা পর্যাপ্ত নয়। পানি সংগ্রহ করতে মানুষকে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।এদিকে মৃতের সংখ্যা বেশি হওয়ায়, বিশেষ করে শিশুদের কফিন শেষ হয়ে গেছে দুর্গত এলাকাগুলোতে। ফলে লাশগুলো সময়মতো সৎকার করতে না পারায় সেগুলো পচে গিয়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে সমবেদনা প্রকাশ করে বলেছেন, দুর্যোগ মোকাবিলায় ফিলিপাইনের সরকারের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সরকার প্রস্তুত রয়েছে। ফিলিপাইনের জাতীয় রেডক্রসের মহাসচিব গয়েন পাং আশঙ্কা প্রকাশ করেন, আরও অনেক মৃতদেহ উদ্ধার হতে পারে। কারণ, যেসব মৃতদেহ মর্গে পাঠানো হচ্ছে, শুধু সেগুলোর হিসাবই দেখানো হচ্ছে। ঝড়ে দেশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব এলাকায় উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতেই পারেননি। প্রলয়ংকরী ঝড়ের পরও বাসিন্দারা কী কারণে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল, তা খতিয়ে দেখতে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো দেশের দুর্যোগব্যবস্থাপনা বিভাগের কার্যকারিতা পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন।ফিলিপাইনের জাতীয় দুর্যোগঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক বেনিটো রামোস জানান, কেন্দ্রীয় সরকার বিমানে করে দুর্গত ব্যক্তিদের কাছে মাদুর, কম্বল এবং কাপড়চোপড় সরবরাহ শুরু করেছে। আর স্থানীয় সরকার তাদের খাবার বিতরণ করেছে।পরিচালক রামোস আরও জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে ৩৫ হাজারেরও বেশি লোক গাদাগাদি করে রয়েছে। এর বাইরে বিভিন্ন স্কুল, সরকারি ভবন এবং স্থানীয় শরীরচর্চাকেন্দ্রে আশ্রয় নিয়েছে এক লাখেরও বেশি লোক, যাদের জন্য জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।প্রেসিডেন্ট অ্যাকুইনোর একজন মুখপাত্র জানান, দুর্গত ব্যক্তিদের মধ্যে বিমানে করে বোতলজাত পানি সরবরাহ শুরু করা হবে। ফিলিপাইনের কর্তৃপক্ষ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ওয়াশিকে ২০০৯ সালের কেটসানার সঙ্গে তুলনা করেছে। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই ঝড়ের প্রভাবে রাজধানী ম্যানিলাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছিল ৪৬০ জনেরও বেশি লোকের। এএফপি।