ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে গত মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৫ জনে দাঁড়িয়েছে। ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হয়ে গৃহহীন হয়েছে আরও প্রায় দুই লাখ মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে ফিলিপাইন সরকার। সেনাবাহিনী জানিয়েছে, এখনো কমপক্ষে ৩৭৭ জন মানুষ নিখোঁজ রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্কুল, জিম বা অন্যান্য ভবনে আশ্রয় নেওয়া এক লাখ ৭৯ হাজারেরও বেশি গৃহহীন মানুষের জন্য সাহায্য প্রয়োজন। সরকারি কর্মকর্তারা জানান, ঝড়ে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য এলাকার নিউ বাথান ও পার্শ্ববর্তী শহর মনকাওর বিভিন্ন খামার ও খনিতে কাজ করতে আসা দরিদ্র অভিবাসী মানুষ। উদ্ধারকাজে নিয়োজিত সেনাপ্রধান মেজর জেনারেল আরিয়েল বার্নাদো জানান, এ পর্যন্ত খুঁজে পাওয়া মৃতদেহের মধ্যে ২৫৮টি মিন্দানাওয়ের পূর্ব উপকূলে এবং ১৯১টি পাওয়া গেছে নিউ বান ও মনকাওয়ের আশপাশের এলাকায়। ম্যানিলার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, মিন্দানাওতে ১৭ এবং ভিসায়ান দ্বীপে মারা গেছে আরও নয়জন। এদিকে মিন্দানাওয়ের পূর্ব উপকূলের দুর্গত দেড় লাখ মানুষের জন্য প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রীর জাহাজ পাঠিয়েছেন। ফিলিপাইন সরকার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষের জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করতে সুইস সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের কাছে সাহায্য চেয়েছে। এএফপি ও রয়টার্স।