ফিলিপাইনে ঝড়ে ৪৪০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে সামুদ্রিক ঝড় ‘ওয়াশি’র আঘাত ও জলোচ্ছ্বাসে ৪৪০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও প্রায় ২০০ জন। ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে পানির তোড়ে ভেসে গেছে বহু মানুষ। গতকাল শনিবার সরকারি কর্মকর্তা ও ত্রাণকর্মীরা এ কথা জানান।ফিলিপাইনের জাতীয় রেডক্রসের মহাসচিব গয়েন পাং জানান, গতকাল শনিবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের কাগায়ান দ্য ওরোর ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। সেখানে নিহত হয়েছে ২১৫ জন। আর এর পার্শ্ববর্তী ইলিগান শহরে মৃতের সংখ্যা ১৪৪। গয়েন পাং বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু। এদিকে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে মনকায়ো দ্বীপে ভূমিধসে কমপক্ষে আরও পাঁচজন মারা গেছে। নেগ্রোস দ্বীপে পানিতে ডুবে মারা গেছে অন্তত ২১ জন। প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে।সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল লিওপলদো গ্যালন জানান, ১০ হাজার সেনার একটি দল কাগায়ান দ্য ওরো এলাকায় উদ্ধার-তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রায় দুই হাজার লোককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে ট্রাক, নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। গৃহহীন হয়েছে অন্তত এক লাখ মানুষ।নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে জানিয়ে গ্যালন বলেন, ‘এটা কীভাবে ঘটল, তা আমি ব্যাখ্যা করতে পারব না। আকস্মিক জলোচ্ছ্বাসে গ্রামগুলো সাগরে রূপ নিয়েছে।’ এর আগে ২০০৯ সালে ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘অনডোই’ আঘাত হানলে রাজধানী ম্যানিলাও পানিতে ভেসে যায়। ওই ঝড়ে কয়েক শ মানুষ মারা যায়।আবহাওয়া দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, উষ্ণমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’ শনিবার ভোরে ঘণ্টায় ৭৫ থেকে ৯০ কিলোমিটার বেগে মিন্দানাও দ্বীপের ইলিগান শহরের পশ্চিমের দিপোলোগ শহরের কাছ দিয়ে বয়ে গেছে। এটি সুলু সাগরের দিকে ধেয়ে যাচ্ছে। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ধ্বংসস্তূপের এক ভয়াল চিত্র দেখা গেছে। কাদার নিচে পড়ে রয়েছে বহু মৃতদেহ, গাছপালা উপড়ে গেছে; ঘরবাড়ি ভেঙেচুরে পুরো এলাকা লন্ডভন্ড এবং গাড়িগুলো একটার ওপর আরেকটা পড়ে আছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো এলাকা বিদ্যুৎহীন রয়েছে।সামরিক বাহিনীর আরেক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল র‌্যান্ডোল্ফ ক্যাবাংব্যাং সাংবাদিকদের বলেন, সাগর থেকে অন্তত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।উপকূলীয় শহর ইলিগানের মেয়র লরেন্স ক্রুজ বলেন, এক ঘণ্টারও কম সময়ে জলোচ্ছ্বাসে পানির উচ্চতা তিন ফুটেরও বেশি বেড়ে যায়। আতঙ্কিত লোকজন ঘরের ছাদে আশ্রয় নেয়। ক্রুজ আরও বলেন, ‘অনেকেই ঘুমিয়ে ছিলেন। তাঁরা জেগে দেখেন, ঘরের ভেতর পানি।’ তিনি বলেন, ‘কয়েক বছরের মধ্যে এটাই আমাদের শহরে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। জলোচ্ছ্বাসে শহরের পার্শ্ববর্তী ১০টি গ্রামও প্লাবিত হয়েছে। কোস্টগার্ডসহ উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। জাম্বোয়াঙ্গা দেল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ডেনিস টেনোরিও বলেন, পোলানকো শহরে পানিতে ডুবে তিনজন মারা গেছে।এদিকে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ও উদ্ধার সংস্থার প্রধান বেনিতো রামোস বলেন, ঝড়ে নিহত ব্যক্তিদের বিষয়ে এখনো তথ্য পাওয়া যাচ্ছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ওই অঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছে, বিশেষ করে, ইলিগান সিটি ও কাগাইয়ান ডি ওরো শহরের অবস্থা ভযাবহ। এএফপি, রয়টার্স ও বিবিসি।