ফিলিপাইনে টাইফুনে নিহতের সংখ্যা বেড়ে ২১, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে টাইফুন নিশাতের আঘাতে গতকাল বুধবার মৃতের সংখ্যা অন্তত ২১ জনে দাঁড়িয়েছে। টাইফুনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এদিকে ফিলিপাইনের আবহাওয়া বিভাগ জানায়, নিশাতের আঘাত শেষ হলেও প্রশান্ত মহাসাগরে আরেকটি ঝড় তৈরি হচ্ছে। এ সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপে আঘাত হানতে পারে এটি।ম্যানিলায় সিভিল ডিফেন্স কার্যালয়ের প্রধান বেনিতো রামোস বলেন, সরকার উদ্ধার-তৎপরতা ও জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে থেমে থেমে বৃষ্টি হওয়ায় তা ব্যাহত হচ্ছে। রামোস বলেন, লুজন দ্বীপ, ম্যানিলার কিছু এলাকাসহ সাতটি প্রদেশের অনেক এলাকায় গতকালও বিদ্যুৎ ছিল না। টাইফুনের কারণে সমুদ্রের পানি উপচে লুজন দ্বীপসহ বিভিন্ন স্থানের ধানখেতের ফসলের ক্ষতি করেছে। কিছু শহর এখনো পানিতে প্লাবিত। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।গতকাল থেকে আর্থিক-প্রতিষ্ঠান, সরকারি কার্যালয় ও কয়েকটি বিদ্যালয় খোলা হয়েছে। জ্বালানি সরবরাহ শুরু করায় ট্রেনের চলাচলও শুরু হয়েছে। তবে গতকালও কয়েকটি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। এএফপি ও রয়টার্স।