ফিলিপাইনে দুটি ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১০১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে দুই সপ্তাহ আগে আঘাত হানা দুটি ঘূর্ণিঝড়ে নিহত লোকের সংখ্যা বেড়ে ১০১-এ পৌঁছেছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এখনো হাজার হাজার মানুষ তাদের বাড়িঘরে ফিরতে পারেনি। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, প্রথমে ঘূর্ণিঝড় নেসাত প্রধান দ্বীপ লুজনের নিম্নাঞ্চলের কৃষি ভূমিতে আঘাত হানে। এতে নিহত হয় ৮২ জন। ঘূর্ণিঝড় নেসাতের পাঁচ দিন পর ঘূর্ণিঝড় নালগায়ের আঘাতে নিহত হয় ১৯ জন।এর মধ্যে বেশির ভাগ লোকের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ডুবে। বাকিদের মৃত্যু হয়েছে হয় বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, নয়তো কোনো ভবন বা ভূমিধসে।ঘূর্ণিঝড়ের পর এখনো নিখোঁজ আছে ২৭ জন। এতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। লুজনের আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো ৬৭ হাজারের বেশি লোক আছে। তাদের বেশির ভাগের বাড়ি নিম্নাঞ্চলের কৃষি ভূমিতে। প্রচণ্ড বৃষ্টি ও বন্যায় তাদের ঘরবাড়ি তলিয়ে গেছে।ফিলিপাইনের সমাজকল্যাণ ও উন্নয়ন বিভাগের সচিব কোরাজন সোলিমান বলেন, গৃহহীনরা ৭৮টি আশ্রয়কেন্দ্রে আছেন। অনেকের ঘরবাড়িতে কোমরপানি থাকলেও তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে সোলিমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবার বাড়িতে ফেরা শুরু করেছে। এএফপি।