ফিলিপাইনে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা
ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনো গতকাল শনিবার দেশটিতে দুর্যোগ-পরিস্থিতি ঘোষণা করেছেন। দেশটির প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এক হাজারের বেশি মানুষ নিহত এবং অগণিত মানুষ নিখোঁজ হওয়ার চার দিন পর প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন।সরকারি ঘোষণা অনুযায়ী, দুর্যোগ-পরিস্থিতি চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হবে না। এ পরিস্থিতিতে স্থানীয় সরকারগুলো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য, ত্রাণকাজের প্রয়োজনে এবং উদ্ধার-তৎপরতায় নিজেদের দুর্যোগ তহবিল থেকে যেকোনো পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, ঝড়ে এখন পর্যন্ত ৪৫৯ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৫৩২ জন। এসব হতাহত ব্যক্তির অধিকাংশই হয়েছে দেশটির মিন্দানাওয়ের কমপোসটেলা ভ্যালি ও দাভাও ওরিয়েন্টাল প্রদেশে।ঘূর্ণিঝড় বোফা ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে আঘাত হানার পর মিন্দানাওয়ের সহস্রাধিক লোক বাস্তুচ্যুত হয়। এসব সানুষ বর্তমানে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। দুর্যোগের কারণে দেশটিতে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে ক্ষুধার জ্বালায় অনেকে লুটপাট করতে বাধ্য হচ্ছে।নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দেশটির সরকার গন্ধ-শোঁকা কুকুরের একটি প্রশিক্ষিত দলকে দুর্গত এলাকায় পাঠিয়েছে। ধ্বংসাবশেষ সরাতে ভারী যান চেয়েছেন উদ্ধারকর্মীরা। রয়টার্স।