ফিলিপাইনে নিখোঁজের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় গতকাল শুক্রবার পর্যন্ত নিখোঁজের সংখ্যা এক হাজার জন ছাড়িয়ে গেছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। তাঁদের তথ্যমতে, যতটা আশঙ্কা করা হয়েছিল, নিখোঁজের সংখ্যা এর দ্বিগুণ।কর্তৃপক্ষ জানায়, বন্যায় নিখোঁজের সংখ্যা বেড়ে এক হাজার ৭৯ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা এক হাজার ৮০ জন। এর মধ্যে অর্ধেকের বেশিই মারা গেছে দক্ষিণের মিন্দানাও দ্বীপের কাগায়ান দ্য ওরো ও ইলিগান শহরে। কাগায়ান দ্য ওরো শহরে তালিকাভুক্ত মৃতের সংখ্যা ৬৭৪ জন। নিখোঁজ রয়েছে ৬২৬। ইলিগানে মারা গেছে ৩১২। নিখোঁজ ৪০৬ জন। বেসকারি প্রতিরক্ষা-প্রধান বেনিতো রামেপাস জানান, এটি শুধু একটি তালিকা। কেউ আসলে নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত সংখ্যা জানে না। শহর দুটিতে এখনো বেঁচে থাকা হাজার হাজার গৃহহীন মানুষ আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে দিন কাটাচ্ছে।ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা আনা কানাদা বলেন, নিখোঁজের সংখ্যা এভাবে লাফ দিয়ে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, প্রত্যন্ত এলাকার লোকজন তাদের আত্মীয়স্বজনকে না পেয়ে এখন একযোগে বিষয়টি কর্তৃপক্ষকে জানাচ্ছে। এসব লোক জীবিকার তাগিদে দক্ষিণের শহরগুলোতে যায়। সপ্তাহান্তে তাদের ফেরার কথা থাকলেও অনেকে ফেরেনি। তারা নিখোঁজ বলে আশঙ্কা করছে উদ্বিগ্ন স্বজনেরা।ওই কর্মকর্তা আরও জানান, একটি পরিবারের সব সদস্য নিখোঁজ হওয়ার মতো ঘটনাও ঘটেছে।ফিলিপাইনের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা রোমান ক্যাথলিক হওয়ায় বড়দিন দেশটির প্রধান উৎসব। কিন্তু সদ্য আঘাত হানা দুর্যোগের কারণে এই উৎসব পালনে তাদের অনেকেরই প্রস্তুতি নেই। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্বজনদের খুঁজে বেড়াচ্ছে। দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে হারিয়ে যাওয়া আপনজনদের ছবি।এমনই একজন কাগায়ান দ্য ওরোর নিখোঁজ রিকশাচালক গিলবার্ট ওলানোর স্ত্রী আরলেনে ওলানো (৪১)। তিনি স্বামীর নাম, বয়স, টেলিফোন নম্বরসহ ছবি শহরটির বিভিন্ন স্থানে সেঁটে দিয়েছেন। তিন সন্তানের মা আরলেনে বলেন, ‘তাঁকে ছাড়া কীভাবে আমাদের পক্ষে উৎসব করা সম্ভব? তিনি প্লাবনের সময় আমাদের সবাইকে ঘর থেকে বের করে আনেন। কিন্তু নিজে সেখানে আটকা পড়েন। পরে আর আমরা তাঁকে খুঁজে পাইনি।’দেশটির কর্তৃপক্ষ এরই মধ্যে অবশ্য জানিয়ে দিয়েছে, নিখোঁজ ও মারা যাওয়া বহু মানুষকে আর না-ও খুঁজে পাওয়া যেতে পারে। তারা হয়তো সাগরে ভেসে চিরবিদায় নিয়েছে। এএফপি।