ফিলিপাইনে প্রচণ্ড ঝড়, ৫৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
ফিলিপাইনে মৌসুমি ঝড় মেরির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দেশটির রাজধানীসহ বিভিন্ন এলাকা। ঝড়ে গাছপালা, বাড়িঘর বৈদ্যুতিক খুঁটি ওপর পড়েছে।ঝড় এবং প্রায় সপ্তাহ খানেক ধরে চলা টানা বৃষ্টিপাতে দেশটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত ৫৩ হাজারেরও বেশি দুর্গত মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। নিখোঁজ রয়েছে ১১ জন। আকস্মিক বন্যার কারণে রাস্তাঘাট পানি ও কাদায় ডুবে যায়। গতকাল সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ ছাড়া দুই ডজনেরও বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়।দেশটির বেসরকারি প্রতিরক্ষা সংস্থা জানায়, মৌসুমি বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বয়ে যাওয়ায় রাজধানী ম্যানিলায় বন্যা দেখা দেয়। এতে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোরের মধ্যে সাত হাজারেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের মহাপরিচালক বেনিতো রামোস জানান, পানি বাড়তে থাকায় রাতের মধ্যে দুর্গত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দ্রুত উদ্ধার-তৎপরতা শুরু করায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধারকাজে রাবারের নৌকা নামানো হয়।ঝড় আঘাত হানার পর থেকে দক্ষিণ-পূর্ব ম্যানিলার স্বল্পোন্নত বিকোল এলাকার ১১ জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে ১০ জন জেলে। চাতান্দুয়ানস দ্বীপের এসব জেলে ঝড়ের আগে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। এ ছাড়া বিকোলের আরেকটি এলাকায় বন্যার পানির তোড়ে এক নারী ভেসে গেছেন বলেও জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল।ভিয়েতনামে নিহত ছয়: এদিকে তনকিন উপসাগরে সৃষ্ট ঝড়ে উত্তর ভিয়েতনামে ছয়জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১১ জন জেলে। সরকারি সংবাদপত্র ভিয়েতনাম নিউজ ডেইলি গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।সংবাদপত্রটি জানায়, উপকূলীয় ইয়েন বেই প্রদেশে দুই দিন ধরে ঝোড়ো বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছিল। ঝড়ের আগে সমুদ্রে মাছ ধরতে যাওয়া চারজন জেলে বৃহস্পতিবার প্রবল ঢেউয়ে ভেসে যান। এর মধ্যে একজনের মৃতদেহ উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঝড়ে ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন এক নারীসহ দুজন। ঝড়ে ৮৫০টির মতো ঘরবাড়ি ধসে পড়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। রয়টার্স, এএফপি।