ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০
ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে। এক সপ্তাহে সেখানে অন্তত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির বিস্তীর্ণ ফসলি জমি বন্যায় তলিয়ে গেছে। গতকাল শুক্রবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নতুন করে ঠাই নিয়েছে হাজার হাজার মানুষ।কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে রাজধানী ম্যানিলার যে ৮০ ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল, তার বেশির ভাগ এলাকা থেকেই পানি সরে গেছে। এর ফলে লোকজনের বাড়িতে ফেরার পথ প্রশস্ত হচ্ছে। তবে ম্যানিলার দক্ষিণের এলাকাগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে।ম্যানিলা থেকে ৪০ মাইল উত্তরের ছোট শহর আপালিতের নির্মাণশ্রমিক রোজেলিও সোকো (৬০) বলেন, ‘আমাদের খাবার দরকার। এক সপ্তাহ ধরেই আমি কোনো কাজে যেতে পারিনি। মজুরিও পাইনি।’ সরকারের দুর্যোগবিষয়ক সমন্বয় পরিষদ গতকাল চলতি বন্যায় ৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। আগের দিন বৃহস্পতিবার নিহত ব্যক্তির সংখ্যা ১৯ জন বলে জানানো হয়েছিল। পরিষদ জানায়, গত সোমবার থেকে বুধবারের মধ্যে বেশি প্রাণহানি ঘটেছে। তবে বহু দূরে অবস্থিত প্রদেশগুলো থেকে সরকারি কর্মকর্তারা এসব প্রাণহানির খবর সময়মতো ম্যানিলার সদর দপ্তরে পাঠাতে পারেনি।অন্যদিকে বন্যাদুর্গত ব্যক্তিদের সহায়তা দিতে হিমশিম খাচ্ছে সরকার। আশ্রয়কেন্দ্রগুলো এরই মধ্যে লোকে লোকারণ্যে পরিণত হয়েছে। এর ওপর প্রতিদিনই সেগুলোতে নতুন করে হাজার হাজার লোক ভিড় করছে। ধারণক্ষমতার চেয়ে বেশি লোক থাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। সরকারি হিসাবে, চলতি বন্যায় এ পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাড়িঘর ছেড়ে বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী লোকের সংখ্যা তিন লাখ ৬২ হাজারেরও বেশি। এএফপি।