ফিলিপাইনে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে রাজধানী ম্যানিলাসহ আশপাশের এলাকার ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি-ছাড়া হয়ে পড়েছে। ম্যানিলার ৬০ শতাংশ এলাকা পানিতে ডুবে গেছে। কোনো কোনো এলাকায় গলাসমান পানি উঠেছে।এদিকে চীনের উত্তর উপকূলে গতকাল বুধবার শক্তিশালী টাইফুন ‘হাইকুই’ আঘাত হেনেছে। এর প্রভাবে বাণিজ্যিক নগর সাংহাইয়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। টাইফুন থেকে বাঁচাতে প্রায় সোয়া ছয় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।ফিলিপাইনের সরকারি সূত্রে জানা গেছে, তিন দিন ধরে টানা বর্ষণের ফলে গতকাল বন্যা ভয়াবহ রূপ নেয়। বন্যায় বস্তি এলাকাগুলো গলাসমান পানিতে ডুবে গেছে। ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে বিপুলসংখ্যক বস্তিবাসী। বিত্তশালীরা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষাপ্রধান বেনিতো রামোস বলেন, কিছু কিছু এলাকায় সড়ক যেন নদীতে রূপ নিয়েছে। ম্যানিলা ও এর আশপাশের এলাকার বেশির ভাগ সড়ক ডুবে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বন্যায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় ৭০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে ভয়াবহ এই বন্যা দেখা দিয়েছে। বুধবার রাতে আরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানায়, ম্যানিলা ও আশপাশের এলাকার ১২ লাখেরও বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। এর মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা চায়না ডেইলি জানায়, টাইফুন হাইকুই আঘাত হানার আগে আগাম সতর্কতা হিসেবে সাংহাই থেকে তিন লাখ ৭৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। জেজিয়াং প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয় আরও আড়াই লাখ বাসিন্দাকে। টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় ভূমিধসের আশঙ্কাও বেড়ে গেছে। সিএনএন, বিবিসি, এএফপি।