ফিলিপাইনে ভূমিকম্পে ৪৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের উপকূলীয় এলাকায় গতকাল সোমবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর বড় ধরনের সুনামির গুজব ছড়িয়ে পড়ে।প্রথম ভূমিকম্পের প্রায় চার ঘণ্টা পর আবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হওয়ায় লোকজন ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।কর্মকর্তারা জানান, ফিলিপাইনের জনবহুল নিগ্রোস দ্বীপপুঞ্জ ও কেবু প্রদেশের মাঝামাঝি এলাকায় ওই শক্তিশালী ভূমিকম্প হয়। এর ফলে সেখানকার ভবনগুলো ধসে পড়ে, রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। আঞ্চলিক সেনা কর্মকর্তা কর্নেল ফ্রানসিসকো প্যাট্রিমোনিও জানান, নিগ্রোস প্রদেশের পাহাড়-অধ্যুষিত গুইহালনান শহরে ভূমিধসে ২৯ জন এবং ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে ১০ জন মারা যায়। এ ছাড়া নিগ্রোসের অন্যান্য এলাকায় অপর চার ব্যক্তি প্রাণ হারায়। এর বাইরে অনেকেই আহত হয়েছে। তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া সর্বত্র লুটপাট শুরু হওয়ায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।২৩ লাখ জনসংখ্যা-অধ্যুষিত কেবু শহরে ভূমিকম্পের কারণে হতাহতের খবর পাওয়া না গেলেও সেখানকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটনশিল্পের জন্য বিখ্যাত এই শহরে ভূমিকম্পের পর মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে বড় ধরনের সুনামির গুজব ছড়িয়ে পড়ে।শহরের ১৭ তলাবিশিষ্ট পার্কলেন ইন্টারন্যাশনাল হোটেলের একজন মুখপাত্র বলেন, সুনামির গুজব ছড়িয়ে পড়ার পর সবাইকে শান্ত করার জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন।কেবু শহরের বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান বেনিটো রামোস বলেন, ভূমিকম্পের কারণে সেখানকার ভবনগুলো প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায়। ফলে সেগুলোর জানালা ভেঙে যায় এবং কিছু ভবনের দেয়াল ধসে পড়ে।স্থানীয় শিক্ষার্থী পেড্রো বালডোমিনো বলেন, তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড ঝাঁকুনিতে ভবন দুলতে শুরু করে। এ সময় অনেকেই টেবিলের নিচে ঢুকে পড়ে।ভূমিকম্পের পর ফিলিপাইনের ভূকম্পনবিদেরা সুনামির সতর্কতা জারি করলেও দুই ঘণ্টা পরেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। এএফপি।