ফিলিপাইনে সংসদীয় পদ্ধতি চালুর আহ্বান অ্যারোইয়োর
ফিলিপাইনে সংবিধান সংশোধন করে সংসদীয় শাসনপদ্ধতি চালু করার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো। আবার ক্ষমতায় ফিরতে এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিজের বিচার ঠেকাতে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন সমালোচকেরা।এ লক্ষ্যে সাংবিধানিক সম্মেলন আহ্বান করতে অ্যারোইয়ো গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের কাছে আবেদন করেছেন। তবে তাঁর উত্তরসূরি সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো বলেছেন, পার্লামেন্টে অ্যারোইয়োর যথেষ্ট সমর্থন নেই। তাঁর এই প্রচেষ্টা সফল হবে না।অ্যাকুইনোর মুখপাত্র এডুইন ল্যাসিএরডা সাংবাদিকদের জানিয়েছেন, অ্যারোইয়োর এই প্রচেষ্টাকে তাঁরা হুমকি বলে মনে করছেন না। তিনি বলেন, ‘আমরা যদি পার্লামেন্ট সদস্যদের বোঝাতে সক্ষম হই যে তাঁর এই প্রচেষ্টা যৌক্তিক নয় এবং সংবিধান সংশোধনের সময় এখন না তাহলে তাঁর এ উদ্যোগ ব্যর্থ হবে।’প্রায় এক দশক ক্ষমতায় ছিলেন অ্যারোইয়ো। কিন্তু দৃশ্যত আরও ক্ষমতায় থাকার ইচ্ছে ছিল তাঁর। এ জন্য নজিরবিহীনভাবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হয়েও গত ১০ মে’র পার্লামেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।প্রেসিডেন্ট থাকার সময় অ্যারোইয়ো প্রায়ই বলতেন, প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের মধ্যে নীতিগত মতপার্থক্যের কারণে উন্নয়ন-প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। তিনি কয়েকবার সংবিধান পরিবর্তনের চেষ্টাও করেছেন, কিন্ত সিনেট তাঁর সেই উদ্যোগ রুখে দিয়েছে। নতুন প্রেসিডেন্ট অ্যাকুইনো জানিয়েছেন, ভোট জালিয়াতি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অ্যারোইয়োর বিচার করতে তিনি একটি ট্রুথ কমিশন গঠন করতে চান। এএফপি।