ফিলিপাইনে সরকার ও এমআইএলএফ ঐতিহাসিক চুক্তি
ফিলিপাইনে সরকার ও মুসলিম বিদ্রোহী গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) মধ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির মিন্দানাওয়ে এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী এক সংঘাতের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ার মধ্যস্থতায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলার প্রেসিডেন্ট প্রাসাদে আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ও এমআইএলএফের নেতারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার দাবিতে এই প্রধান মুসলিম বিদ্রোহী গোষ্ঠীটি চার দশক ধরে দেশের দক্ষিণে সংগ্রাম চালিয়ে আসছিল। সরকারের সঙ্গে এই লড়াইয়ে হাজার হাজার লোক প্রাণ হারায়। বহু প্রতীক্ষিত এ চুক্তি নিয়ে প্রথম আলোচনা শুরু ২০০১ সালে। তবে দুই পক্ষের মধ্যে ১৯৯৭ সালে এক যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠিত হয়।
সংবাদদাতারা বলছেন, শান্তি চুক্তি সই হওয়ার ফলে মিন্দানাওয়ে মুসলিম বিদ্রোহীদের আরও স্বায়ত্তশাসনের পথ সুগম হলো। তবে এখনই সব ধরনের সহিংসতার অবসান ঘটবে বলে মনে হয় না। কেননা, এ অঞ্চলের অন্য গোষ্ঠীগুলো পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
ফিলিপাইনের বিভিন্ন মুসলিম বিদ্রোহী গোষ্ঠীর স্বাধীনতাকামী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাও এবং সেই সঙ্গে আগ্নেয়গিরির দ্বীপ জোলো। মিন্দানাও এমআইএলএফের এবং জোলো বিদ্রোহী গোষ্ঠী আবু সায়াফের ঘাঁটি হিসেবে সুপরিচিত। আবু সায়াফের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক থাকার কথা শোনা যায়। বিবিসি ও এপি।