ফিলিপাইনে ১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ টাইফুনের আঘাতে কেবল একটি অঞ্চলেই অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। দেশটির লেইতি প্রদেশের পুলিশ কর্তৃপক্ষ গতকাল রোববার এ আশঙ্কা প্রকাশ করেছে। গত শুক্রবার ভোরে আঘাত হানা এই ঝড়কে এর প্রচণ্ডতার জন্য বলা হয়েছে ‘সুপার টাইফুন’।
লেইতি পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট এলামার সোরিয়া বলেন, তাঁদের প্রাথমিক অনুমান অনুযায়ী অন্তত ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। স্থানীয় ৭০ থেকে ৮০ শতাংশ বাড়িঘর ও অবকাঠামোই ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ পরিস্থিতি নিয়ে তাঁরা গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড়কে টাইফুন বলা হয়। আবহাওয়াবিদেরা ফিলিপাইনের এবারের ঝড়টির নাম দিয়েছেন ‘হাইয়ান’। এর মূল ধাক্কা সইতে হয় দেশের পূর্বাঞ্চলীয় লেইতি প্রদেশকে। প্রদেশটির তাকলোবান শহরের অসংখ্য বাড়িঘর, বিদ্যালয় ও একটি বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে। সুনামিসদৃশ বিশাল ঢেউয়ের আঘাত ও প্রবল বাতাসে বহু ঘরবাড়ি মাটির সঙ্গে একেবারে মিশে গেছে। পার্শ্ববর্তী সামর দ্বীপেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে প্রায় ৩০০ জনের মৃত্যু ও দুই হাজার মানুষ নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। ফিলিপাইন সরকার সারা দেশে এ পর্যন্ত ১৫১ জনের মৃত্যু ও প্রায় চার লাখ ৮০ হাজার মানুষের বাস্তুচ্যুতির খবর নিশ্চিত করেছে। বেশির ভাগ মৃত্যু হয়েছে পানিতে ডুবে বা বাড়িঘরের নিচে চাপা পড়ে।
বিশুদ্ধ পানি, খাবার ও বিদ্যুতের অভাবে দুর্গত লোকজন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকটি স্থানে লুুটপাট ও অরাজকতার খবর পাওয়া গেছে। সেনাবাহিনী হেলিকপ্টার ও বড় পরিবহন বিমান নিয়ে ত্রাণ তৎপরতা শুরু করেছে। কয়েক হাজার সেনাসদস্য ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
তাকলোবান নগর কর্তৃপক্ষ জানায়, অপর্যাপ্ত ত্রাণ সরবরাহ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। এদিকে ফিলিপাইন সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটিতে সামরিক ও মানবিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী মার রক্সাস বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু করা প্রয়োজন। কাদা ও ধ্বংসাবশেষের কারণে বহু স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভিয়েতনাম অভিমুখে ‘হাইয়ান’: টাইফুনটি কিছুটা শক্তি হারিয়ে গতকাল ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছিল। উপকূলে আঘাতের আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চলীয় কয়েকটি প্রদেশ থেকে ছয় লাখের বেশি মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। হ্যানয় কর্তৃপক্ষ গতকাল জানায়, বিভিন্ন স্থানে ইতিমধ্যে ভারী বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে। এএফপি ও বিবিসি।