ফিলিপাইনের উপকূলরক্ষীদের গুলিতে তাইওয়ানি জেলে নিহত হওয়ার পর সৃষ্ট উত্তেজনা থামার লক্ষণ নেই। ম্যানিলা বারবার এ জন্য দুঃখ প্রকাশ করলেও তাইপে তাতে কান না দিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ফিলিপাইনের উত্তরাঞ্চলের কাছে সমুদ্রে সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান।এর আগে তাইওয়ান ফিলিপাইন থেকে শ্রমিক নেওয়া স্থগিত করে এবং ম্যানিলা থেকে নিজেদের দূতকেও প্রত্যাহার করে নেয়। এ ছাড়া তাইওয়ানিদের ফিলিপাইন সফরের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে উচ্চপর্যায়ের যেকোনো ধরনের বিনিময়। গত সপ্তাহে জলসীমা লঙ্ঘন করার অভিযোগে তাইওয়ানের এক জেলেকে গুলি করে হত্যা করেন ফিলিপাইনের উপকূলরক্ষীরা। তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, তাঁরা গতকাল ফিলিপাইনের বাটান দ্বীপের কাছে একটি রণতরী, দুটি ফ্রিগেট ও উপকূলরক্ষী বাহিনীর চারটি জাহাজ পাঠান। বাটান দ্বীপের পশ্চিমে ২১ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করে জাহাজগুলো। এএফপি।