ফিলিপাইনের ঘূর্ণিঝড়-দুর্গত এলাকায় খাদ্যের জন্য হাহাকার
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়-দুর্গত এলাকায় খাবারের জন্য হাহাকার চলছে। দুর্গত মানুষেরা ত্রাণসহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেখানে লোকজন ভিক্ষাবৃত্তি বেছে নিতে বাধ্য হচ্ছে।এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের জন্য বিশ্বব্যাপী ত্রাণসহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।গত সপ্তাহে ফিলিপাইনে ঘূর্ণিঝড় বোফার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ৫৪৮ জনের প্রাণহানি হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। নিখোঁজ হয় আট শতাধিক মানুষ। নিহত ব্যক্তিদের বেশির ভাগই দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বাসিন্দা।মিন্দানাওয়ের পার্বত্য নিউ বাতান এলাকার মানুষ ঘূর্ণিঝড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষ ত্রাণের আশায় হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় সারি বেঁধে অপেক্ষা করছেন। তাঁদের প্ল্যাকার্ডে ‘আমাদের প্রতি সদয় হোন, দয়া করে সাহায্য করুন’ ও ‘আমাদের খাবারের দরকার’—এই জাতীয় লেখা রয়েছে।ত্রাণসামগ্রীর অপেক্ষায় থাকা স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের সাহায্য চাওয়া ছাড়া উপায় নেই।’ তিনি আরও বলেন, স্থানীয় সরকার কিছু ত্রাণসহায়তা দিয়েছে। তবে এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি বলে তিনি অভিযোগ করেন। তবে আঞ্চলিক সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, সরকারি-বেসরকারি অনেক সংস্থা ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছে। সরকার তার সামর্থ্য অনুসারে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। এদিকে জাতিসংঘের মুখপাত্র ইমোজেন ওয়াল গতকাল সোমবার জানান, ত্রাণসহায়তাসহ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের লোকজনকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দেওয়ার লক্ষ্যে পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এএফপি।