ফিলিস্তিন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ব্রিটিশ সরকারের স্বীকৃতি দেওয়া উচিত কি না, সেই প্রশ্নে দেশটির পার্লামেন্টে গতকাল সোমবার ভোটাভুটি হওয়ার কথা ছিল। অবশ্য, এর ফল যুক্তরাজ্যের দাপ্তরিক নীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। মূলত বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টিই এই ভোটাভুটির লক্ষ্য। খবর রয়টার্স ও এএফপির।
যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তবে দেশটি বলে আসছে, তারা যেকোনো সময়ই তা করতে পারে। কিন্তু, তার আগে এটা মনে হতে হবে যে এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার জন্য উপকারী হবে।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসে এই ভোটাভুটির উদ্যোগ নিয়েছেন বিরোধী দল লেবার পার্টির একজন আইনপ্রণেতা। আইনপ্রণেতাদের কাছে জানতে চাওয়া হবে, তাঁরা এটা মনে করেন কি না যে ব্রিটিশ সরকারের উচিত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। লেবার পার্টির নেতারা এই উদ্যোগের পক্ষে ভোট দিতে বলেছেন। অন্য দলগুলো নিজেদের আইনপ্রণেতাদের নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে বলেছেন।
অবশ্য, ৬৫০ সদস্যবিশিষ্ট হাউস অব কমনসে এই উদ্যোগ বিপুল সমর্থন পেলেও কাজের কাজ তেমন হবে না। কারণ, ভোটের ফল মানা বাধ্যতামূলক নয়। এটা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক অবস্থান বদলাতেও সরকারকে বাধ্য করবে না।