ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহসী পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি আরবের বাদশা আবদুল্লাহর সঙ্গে আলাপকালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এ বিষয়টির ওপর তিনি গুরুত্বারোপ করেন। ক্ষমতায় আসার পর এই প্রথম ওবামা সৌদি বাদশাকে তাঁর রাষ্ট্রীয় বাসভবনে অভ্যর্থনা জানান এবং তাঁকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন।বৈঠক শেষে ওবামা বলেন, এ সময় তাঁদের ইরানের পরমাণু চ্যালেঞ্জ, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি।’ এ সময় নিরাপদ ও সমৃদ্ধ ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী ৬ জুলাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে ওবামার সঙ্গে বৈঠক করবেন। এ সময় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে তাঁদের আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলার পর সম্প্রতি তারা কিছু বেসামরিক পণ্য গাজায় যাওয়ার সুযোগ দিচ্ছে। আশা করা যাচ্ছে, ইসরায়েলের এ পদক্ষেপকে কাজে লাগিয়ে ওবামা দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার একটি সুযোগ তৈরি করবেন। বর্তমানে দুই দেশকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা চলছে পরোক্ষভাবে। এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। এএফপি।