ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পক্ষে ব্রিটিশ এমপিরা
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষেই ভোট দিলেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরা। প্রস্তাবের পক্ষে ২৭৪টি এবং বিপক্ষে ১২ ভোট পড়ে। তবে নিম্নকক্ষ হাউস অব কমনসের ৬৫০ জন সদস্যের মধ্যে অর্ধেকেরও কম সদস্য ভোটাভুটিতে অংশ নেন। খবর রয়টার্স ও এএফপির।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার রাতে অনুষ্ঠিত ওই ভোটে অংশ নেননি। আইনগতভাবে বাধ্যতামূলক নয় বলে এর ফল যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্রনীতির ওপর কোনো প্রভাবও ফেলবে না। তবে বিশ্লেষকেরা মনে করেন, এই ভোটাভুটি প্রতীকী হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে তা কিছু প্রভাব ফেলবে।
‘সমঝোতার ভিত্তিতে দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি নিশ্চিত করতে’ ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করা হয়। পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির নেতা গ্রাহাম মরিস এ প্রস্তাব উত্থাপন করেন।
যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের মিত্র দেশটি অবশ্য বলে আসছে, তারা যেকোনো সময়ই এই স্বীকৃতি দিতে পারে। তবে এর আগে এটি নিশ্চিত হতে হবে যে এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তিপ্রক্রিয়ার জন্য ইতিবাচক হবে।
লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার সদস্য এবং দলটির ইসরায়েলপন্থী জ্যেষ্ঠ এমপিরা এই প্রস্তাব উত্থাপনের সুযোগ দেওয়ার জন্য দলের নেতা এড মিলিব্যান্ড ও ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেক্সজান্ডারের ওপর নাখোশ হয়েছেন। মন্ত্রীরা ভোট দানে বিরত ছিলেন।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র পর্যবেক্ষকের মর্যাদা পায়। সে সময় যুক্তরাজ্যসহ ৪১টি সদস্য রাষ্ট্র ওই প্রস্তাবে ভোট দানে বিরত ছিল।
লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড সোমবার প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাব উত্থাপনকারী গ্রাহাম মরিস বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে সমর্থন করার ‘ছোট কিন্তু প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ’ পদক্ষেপটি খুব দরকার ছিল।
প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাধিক এমপি ও মন্ত্রী। ইসরায়েলের পক্ষে তাঁদের সমর্থনের কথাটি জোরালোভাবেই বলেছেন অনেকেই। এঁদের একজন ফরেন অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান ক্ষমতাসীন দলের এমপি রিচার্ড ওটাওয়ে তাঁর ভাষণে বলেন, ‘কনজারভেটিভ পার্টির সঙ্গে যুক্ত হওয়ার আগে থেকেই আমি ইসরায়েল রাষ্ট্রের সমর্থক। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে।’
ওটাওয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র হওয়ার যোগ্য নয়। কেননা, এটি এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।
গত ৩ অক্টোবর সুইডেনের পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্টিফেন লুফভেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে সুইডেনই প্রথম এই স্বীকৃতির ঘোষণা দিল।