ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিনিধি পরিষদ ফিলিস্তিনকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া বা এর স্বাধীনতা ঘোষণার যেকোনো উদ্যোগকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। নিন্দা প্রস্তাবে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার প্রতিও সমর্থন জানানো হয়েছে।ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে ১৯৬৭ সালের সীমানা মেনে নিয়ে ফিলিস্তিনকে এ মাসের প্রথম দিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্র এ নিন্দা প্রস্তাব পাস করল। যুক্তরাষ্ট্র মনে করছে, বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে থাকলে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে। তাই এ মুহূর্তে দেশটিকে স্বীকৃতি না দেওয়াই ভালো।প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন ডেমোক্র্যাট সদস্য হাওয়ার্ড বারম্যান। নিন্দা প্রস্তাবে আলোচনা থেকে সরে না আসার জন্য ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনকে একতরফাভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না-দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।এর আগে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্য ইলিয়ানা রোজ লেহটিনেনও এ ধরনের একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। ওই প্রস্তাবে দক্ষিণ আমেরিকার দেশগুলোকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এএফপি।