ফিলিস্তিনকে জাতিসংঘে যাওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৎপরতা
রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জাতিসংঘে যাওয়া থেকে ফিলিস্তিনকে বিরত রাখতে ক\ুট\নেতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের ওই দাবি উত্থাপন না করার জন্য দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রাজি করানোর চেষ্টা করছে ওবামা প্রশাসন। এ জন্য ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে ওয়াশিংটনের পক্ষ থেকে একটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলে বসতি নির্মাণ অব্যাহত রাখায় দুদেশের শান্তি আলোচনা গত এক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে।নিউইয়র্ক টাইমস জানায়, ওবামা প্রশাসনের পক্ষ থেকে আব্বাসকে বলা হয়েছে, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ দেওয়াসংক্রান্ত কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলা হলে তার বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র।শুধু নিরাপত্তা পরিষদেই বিরোধিতার হুমকি নয়, সাধারণ পরিষদেও ফিলিস্তিনকে ভোটাধিকারহীন পর্যবেক্ষক ‘দল’ থেকে ভোটাধিকারহীন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ওপর ভোটাভুটি এড়াতে চাইছে যুক্তররাষ্ট্র। সেখানে যুক্তরাষ্ট্র ও তার গুটিকয়েক মিত্র দেশ ছাড়া বেশির ভাগ দেশই ফিলিস্তিনকে সমর্থন করবে। কেননা, সাধারণ পরিষদের অধিবেশনে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের জাতিসংঘের নতুন সদস্য হওয়া বিষয়ক ভোট বন্ধ করার মতো যথেষ্ট সমর্থন যুক্তরাষ্ট্রের নেই বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।জাতিসংঘে ভোটাধিকারহীন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেলে ফিলিস্তিন ওই সংস্থার বিভিন্ন পরিষদ ও কমিটিতে যোগ দিতে পারবে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার ক্ষমতা লাভ করবে ফিলিস্তিন কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতার কারণে ফিলিস্তিনে ক্ষোভের বন্যা বয়ে যাবে এবং ইতিমধ্যে গণআন্দোলনে টালমাটাল হয়ে পড়া গোটা আরববিশ্বে এর নেতিবাচক প্রভাব পড়বে।ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ হওয়ায় জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব তোলার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। রয়টার্স ও এএফপি।