ফিলিস্তিনকে মানচিত্র থেকে বাদ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে (প্যালেস্টাইন) বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে। ফিলিস্তিনের সাংবাদিকেরা সম্প্রতি এ অভিযোগ করেন, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষোভের সঞ্চার করে। এর পরিপ্রেক্ষিতে গুগল কর্তৃপক্ষ এক ব্যাখ্যায় বলেছে, ‘প্যালেস্টাইন’ (ফিলিস্তিন) শব্দটি তাদের ম্যাপে কখনোই ছিল না। বরং সেখানে ছিল ফিলিস্তিনি শাসনাধীন গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নাম। 
গুগল ম্যাপে ফিলিস্তিনের অবস্থান সাম্প্রতিক সময়ে পরিবর্তন করা হয়নি। অনলাইনে গুগল ম্যাপে ঢুকে ‘প্যালেস্টাইন’ লিখলে একটি এলাকার রূপরেখা দেখা যায়। কিন্তু সেখানে ফিলিস্তিন বা ইসরায়েল নামে আলাদা সীমারেখা চিহ্নিত নেই।
ফিলিস্তিনের সাংবাদিকদের একটি সংগঠন সম্প্রতি গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে বাদ দেওয়ার অভিযোগ করে। এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর নিন্দা জানান। এ বিতর্কের পর গুগলের মুখপাত্র বলেন, ‘গুগলের মানচিত্রে “প্যালেস্টাইন” নামে কোনো শব্দ কখনোই ছিল না। সম্প্রতি আমরা দেখলাম, মানচিত্রের প্রোগ্রামিংয়ের একটি ত্রুটির কারণে “পশ্চিম তীর” (ওয়েস্ট ব্যাংক) এবং “গাজা” (গাজা স্ট্রিপ) নামের দুটি নির্দেশক উঠে গিয়েছিল। আমরা দ্রুত সেটি ফিরিয়ে আনি।’ 
জাতিসংঘের ১২৬টি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ পশ্চিমা দেশ এখনো এ রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। তবে শান্তি আলোচনায় দীর্ঘ অচলাবস্থার কারণে দুই রাষ্ট্র ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থন ও চাপ ক্রমে বাড়ছে। 
গত মার্চ মাস থেকে গুগল মানচিত্রে ফিলিস্তিনকে অন্তর্ভুক্ত করার দাবিতে একটি অনলাইন আবেদন করা হয়। এতে আড়াই লাখ মানুষ স্বাক্ষরও করেছেন। 
এর আগেও গুগল বিরোধপূর্ণ এলাকা নিয়ে মানচিত্রের ক্ষেত্রে ঝামেলায় পড়েছে। ২০১৪ সালে ডিসপিউটেড টেরিটরিজ নামে একটি প্রকল্পে দেখানো হয়, গুগল ম্যাপ কর্তৃপক্ষ কীভাবে আঞ্চলিক বিরোধে জড়ানো এড়িয়ে চলে।