ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি গুয়াতেমালার
ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে গুয়াতেমালা। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে ফিলিস্তিনের প্রতি গুয়াতেমালার স্বীকৃতি সহায়ক হবে বলেই গুয়াতেমালা বিশ্বাস করে। এই স্বীকৃতির ফলে ইসরায়েলের সঙ্গে গুয়াতেমালার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ঐতিহ্যে কোনো ব্যতিক্রম ঘটবে না। কারণ, এ সম্পর্ককে গুয়াতেমালা সরকার অত্যন্ত মূল্যবান মনে করে। গুয়াতেমালা চায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে শান্তি আলোচনা হোক। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ অব্যাহত থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এএফপি।