ফিলিস্তিনকে স্বীকৃতি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ‘শান্তি প্রতিষ্ঠার সুযোগ’ নষ্ট না করার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানান। গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্বাস এসব কথা বলেন। চলতি সপ্তাহের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক এ সংগঠনটির পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন পেশ করার কথা আব্বাসের। তবে মাহমুদ আব্বাসের উদ্যোগের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। দেশটির অভিযোগ, ফিলিস্তিনিরা আলোচনার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রও আব্বাসের পদক্ষেপের বিরোধিতা করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এর বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদ আব্বাস অবশ্য স্বীকার করেছেন, জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিবিষয়ক প্রস্তাব উত্থাপনের উদ্যোগের কারণে তিনি আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছেন। এ ছাড়া আব্বাসের প্রস্তাবের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নও বিভক্ত হয়ে পড়েছে।ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েলের বিতর্কিত বসতি স্থাপন-প্রক্রিয়ার কারণে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। তবে জাতিসংঘের পদক্ষেপ তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে টিকিয়ে রেখেছে।মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের জন্য জাতিসংঘের সদস্যপদ পাওয়ার চেষ্টা নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। তবে সক্রিয়ভাবে ইসরায়েলি বসতি স্থাপন-প্রক্রিয়া বন্ধ ও আগেভাগেই আলোচনার পরিষ্কার কাঠামো নির্ধারিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিরা আলোচনায় বসবে না। গত বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ওয়াশিংটনে পুনরায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়। তবে ইসরায়েলি বসতি স্থাপনের ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানান। এরপরই শান্তি আলোচনা অচল হয়ে পড়ে। ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েল এমন জায়গায় বসতি স্থাপন অব্যাহত রেখেছে, যে জায়গা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দরকার এবং ইসরায়েলি বসতি স্থাপনের এ প্রক্রিয়া অব্যাহত থাকলে ফিলিস্তিনিরা আলোচনায় বসবে না। ফিলিস্তিনিদের ধারণা, ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার প্রচেষ্টার ঘটনা ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে আলোচনায় তাদের সমভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে। ফিলিস্তিনি নেতৃত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৯৬৭ সালের ‘ছয় দিনের যুদ্ধের’ আগের নির্ধারিত সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানাবে। ১৯৬৭ সালের ওই যুদ্ধের আগে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল। এএফপি।