জেরুজালেমে অপহরণের পর হত্যার শিকার ফিলিস্তিনি কিশোরের দাফন দেরি হচ্ছে। ময়নাতদন্তের কথা বলে লাশ নিয়ে পুলিশ গড়িমসি করায় তাকে দাফন করা যাচ্ছে না। খবর বিবিসির। ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের শুয়াফাত এলাকার কিশোর মোহাম্মদ আবু খাদাইরকে (১৭) গত বুধবার অপহরণের পর হত্যা করা হয়। সম্প্রতি তিন ইসরায়েলি কিশোর অপহরণ ও হত্যার প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মনে করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটায় (গ্রিনিচ সময় সকাল ১০টা) খাদাইরের মরদেহের দাফন হওয়ার কথা ছিল। তবে সময়মতো মরদেহ না ফেরত দেওয়ায় ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে অহেতুক দীর্ঘসূত্রতার অভিযোগ তোলে খাদাইরের পরিবার। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে বলে পরিবারটিকে জানানো হয়েছে।
ওই কিশোরকে ইহুদি বসতি স্থাপনকারীরা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান।