ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে আটক ফিলিস্তিনি শিশুদের সঙ্গে ব্যাপকভাবে নির্দয় আচরণ করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গত বুধবার জাতিসংঘ শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।ইউনিসেফের তথ্য অনুসারে, প্রতিবছর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা প্রায় ৭০০ ফিলিস্তিনি শিশুকে আটক করে। এদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। আর এদের অধিকাংশই বালক।প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ শিশুকেই পাথর ছোড়ার জন্য আটক করা হয়। তবে ইসরায়েল বলছে, পাথর নিক্ষেপের ঘটনাকে তারা বেশ গুরুত্বের সঙ্গে দেখে। কারণ, পাথরের অঘাতে অনেক সময় ইসরায়েলি মানুষের মৃত্যু ঘটে।ইউনিসেফ বলেছে, আটক ফিলিস্তিনি শিশুদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘নিষ্ঠুর, অমানবিক ও জঘন্য আচরণ’ করেছেন—এমন বেশ কয়েকটি প্রমাণ পাওয়া গেছে, যা আন্তর্জাতিক শিশু অধিকার ও নির্যাতনবিরোধী সনদ অনুসারে দণ্ডনীয় অপরাধ। ইউনিসেফ ২০০৯ সাল থেকে এ ধরনের চার শতাধিক ঘটনা পর্যবেক্ষণ করে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগল পলমর বলেন, ইউনিসেফকে ওই প্রতিবেদন তৈরিতে ইসরায়েলের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সামরিক বাহিনী সহায়তা করেছে। এর লক্ষ্য হলো ইসরায়েলের নিরাপত্তা হেফাজতে শিশুদের সঙ্গে ব্যবহারের উন্নতি ঘটানো। তিনি বলেন, ‘ইউনিসেফের কাজকে আমরা সম্মান করি এবং তাদের প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নে কাজ করা হবে।’ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, সাধারণত গভীর রাতে ইসরায়েলের ভারী অস্ত্রধারী সেনারা ফিলিস্তিনি শিশুদের আটক করে। আটকের পর থেকেই এসব শিশুর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু হয়। আর বিচার-প্রক্রিয়া থেকে শুরু করে দণ্ডাদেশ কার্যকর করা পর্যন্ত বিভিন্ন স্তরে এই দুর্ব্যবহার চলে।প্রতিবেদনে বলা হয়, দুর্ব্যবহারের ধরনের মধ্যে রয়েছে আটকের পর শিশুদের চোখ বেঁধে ফেলা এবং হাতে প্লাস্টিকের হাতকড়া পরানো। এরপর শারীরিক ও মৌখিকভাবে আক্রমণ চালানো। আর জিজ্ঞাসাবাদের জন্য এসব শিশুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই এই নির্দয় আচরণ চলে।প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় শিশুদের নির্যাতন করাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। শিশুদের জন্য আইনজীবী নিয়োগেরও কোনো সুযোগ দেওয়া হয় না। এতে বলা হয়, শিশুদের জামিন দেওয়া হয় না। আর দণ্ডাদেশ দেওয়ার পর এসব শিশুকে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলের আটককেন্দ্রে স্থানান্তর করা হয়। প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাবের চেয়ারম্যান কাদুরা ফারেস ইউনিসেফের প্রতিবেদনের প্রশংসা করে বলেন, ইসরায়েলকে এ বিষয়ে জবাবদিহির আওতায় আনতে হবে। রয়টার্স।