ফিলিস্তিনিদের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে জয়লাভের খবরে ফিলিস্তিনিদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা এই মেয়াদে স্বাধীন ও সার্বভৌম একটি ফিলিস্তিনি রাষ্ট্র পাওয়ার প্রত্যাশা করছে। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত গতকাল বুধবার বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদের মধ্যেই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে।’ তবে এই মন্তব্যের সময় এরাকাত আনুষ্ঠানিকভাবে ওবামার পুনর্নির্বাচিত হওয়াকে স্বাগত জানাননি।এরাকাত বলেন, ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আবারও অবৈধ ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। তিনি ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ওবামার প্রতি আহ্বান জানান। পাশাপাশি জাতিসংঘের ‘নন মেম্বার স্ট্যাটাস’-এর জন্য ফিলিস্তিনের আবেদনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। চলতি মাসের শেষদিকে ফিলিস্তিন জাতিসংঘের নন মেম্বার স্ট্যাটাস পেতে আবেদন করবে।এরাকাত বলেন, ‘আমরা আশা করছি, ওবামা নতুন করে অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধে ব্যবস্থা নেবেন এবং জাতিসংঘের নন মেম্বার স্ট্যাটাস পেতে ফিলিস্তিনকে সমর্থন দেবেন। কারণ, এই মর্যাদা মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়াকে টিকিয়ে রাখবে এবং দুই রাষ্ট্র গঠন করে স্থায়ী শান্তির দিকে এগিয়ে নিয়ে যাবে।’ এএফপি।