ফিলিস্তিনিদের ঐক্যের আহ্বান কাতারের
কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি ফিলিস্তিনিদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার গাজায় এক ঐতিহাসিক সফরে তিনি এ আহ্বান জানান। ২০০৭ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণের পর উপত্যকাটিতে কাতারের কোনো রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম সফর।দারিদ্র্যপীড়িত গাজায় কয়েক লাখ ডলারের একটি প্রকল্পের উদ্বোধন করতে আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি ওই দিন এই ভূখণ্ডে আসেন। এ সময় হামাস তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়। তাঁর সম্মানে কবিতা আবৃত্তি করা হয়।গাজায় শেখ হামাদের এই সফরকে হামাসের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ২০০৭ সালে হামাস গাজায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তখন থেকেই বিশ্ব থেকে এক রকম বিচ্ছিন্ন হয়ে আছে এই গোষ্ঠী।গাজায় হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া তাঁর ইসলামপন্থী সরকারের একঘরে অবস্থায় কাতারের আমিরের এ সফরকে তাঁদের ‘বিজয়’ বলে আখ্যায়িত করেন। এএফপি।