ফিলিস্তিনে জাতীয় ঐক্যের মন্ত্রিসভা গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের ঐক্যের মন্ত্রিসভা গত সোমবার শপথ নিয়েছে৷ ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওই দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষাবিদ রামি হামদাল্লাহকে নিয়োগ দেন। পরে রামির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়৷ তবে ফিলিস্তিনের নতুন এই সরকারকে স্বীকৃতি না দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল৷
জাতীয় ঐক্যের মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে পশ্চিম তীর ও গাজার নেতৃত্বের বিরোধের অবসান হলো৷ প্রেসিডেন্ট আব্বাস বলেন, ইতিহাসের একটি কালো পৃষ্ঠা চিরদিনের মতো উল্টেছে৷ খবর বিবিসি ও রয়টার্সের৷
রামাল্লায় িনজের কার্যালয়ে মন্ত্রিদের শপথবাক্য পাঠ করান মাহমুদ আব্বাস৷ পরে তিনি বলেন, ‘আজ জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের বিরোধের অবসান হলো৷ এই বিভেদের কারণে ইতিমধ্যে আমাদের অনেক ক্ষতি হয়েছে৷’
ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহকে আমরা স্বাগত জানাই৷’
সোমবারই গাজায় হামাস সরকার পদত্যাগ করে৷ নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়ে হামাসের বিদায়ী প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, এটি একটি মাত্র রাজনৈতিক পদ্ধতির সরকার৷
তবে ইসরায়েল বলেছে, হামাস-ফাতাহর নতুন সরকারকে সমর্থন দেবে না তারা৷ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নতুন করে কোনো রকেট হামলা হলে এর দায়িত্ব আব্বাস ও নতুন সরকারের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ার করা হয়৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের নতুন সরকারকে ‘তাড়াহুড়া করে স্বীকৃতি’ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷
এর আগে একই দিন জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাস ‘সন্ত্রাসী’ সংগঠন৷ ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়েছিল এই সংগঠন৷ এর সঙ্গে কোলাকুলি না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি৷
ফাতাহ ও হামাস ২০০৭ সালে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ এর পর থেকে ফাতাহ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অংশবিশেষ এবং হামাস গাজা উপত্যকা শাসন করে আসছিল৷ গত এপ্রিলে দুই পক্ষের মধ্যে ঐক্যবদ্ধ সরকার গঠনের বিষয়ে চুক্তি হয়৷
নতুন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন৷ ফিলিস্তিন ভূখণ্ডের বাইরে তাঁর পরিচিতি খুবই কম৷