ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মাহমুদ আব্বাস
আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ফিলিস্তিনের অন্তর্বর্তীকালীন জাতীয় ঐকমত্যের সরকারে নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ব্যাপারে গতকাল সোমবার কাতারের রাজধানী দোহায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির উপস্থিতিতে আব্বাস ও হামাসের প্রধান খালেদ মেশাল ‘দোহা ঘোষণা’ নামের ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়, ফিলিস্তিনের নতুন সরকার ‘দলনিরপেক্ষ টেকনোক্র্যাট’দের সমন্বয়ে পরিচালিত হবে এবং এই সরকার গাজা উপত্যকা পুনর্গঠন-প্রচেষ্টার তদারক করবে। এ ছাড়া ঘোষণা অনুযায়ী, নতুন এই সরকার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন পরিচালনা করবে। ঘোষণাটি সাংবাদিকদের পড়ে শোনানো হয়। কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ঘোষণায় তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। গত বছরের এপ্রিলে ফাতাহ ও হামাসের মধ্যে স্বাক্ষরিত একটি মতৈক্য চুক্তি থেকে উত্থাপিত বিভিন্ন ইস্যু নিয়ে আব্বাস ও মেশালের মধ্যে দুই দিনব্যাপী আলোচনার পর এ ঘোষণা দেওয়া হলো। চলতি বছরের মে মাসে নির্বাচনের কথা থাকলেও ফিলিস্তিনের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের জন্য আরও সময় প্রয়োজন। সর্বশেষ ২০০৬ সালে ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট নির্বাচনে হামাস জয়লাভ করে। এএফপি, রয়টার্স।