ফিলিস্তিনের ঐক্যের মন্ত্রিসভাকে 'সন্ত্রাসী' আখ্যা ইসরায়েলের
ফিলিস্তিনে ফাতাহ ও ইসলামি সংগঠন হামাসের ঐক্যের মন্ত্রিসভাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷ মন্ত্রিসভা গঠনের আগের দিন গত রোববার নিজ দেশের মন্ত্রিসভায় তিনি আরও বলেন, ফিলিস্তিনে নতুন সরকার গঠনের মূল উদ্দেশ্য ‘সন্ত্রাসবাদকে আরও শক্তিশালী’ করা৷ খবর বিবিসির৷
তবে ইসরায়েলের এ উদ্বেগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ফিলিস্তিনি নেতারা বলেছেন, কোনো রাজনৈতিক সংগঠন বা দলকে নয়, তাঁরা বরং ব্যক্তিদের ওপর গুরুত্ব দিয়ে গঠন করতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভা৷ ফাতাহ ও হামাসের এই জোট মন্ত্রিসভা গঠনের মূল লক্ষ্য আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা৷
গতকাল সোমবার ফিলিস্তিনে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠনের কথা ছিল৷ গত এপ্রিলে হামাস ও ফাতাহর মধ্যে শান্তি চুক্তির ঘোষণা দেওয়া হয়৷ ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের অংশবিশেষ শাসন করে ফাতাহ৷ গাজা উপত্যকা শাসন করে হামাস৷ ইসলামি এই সংগঠনটি ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে৷ ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা ও জাপান মনে করে হামাস একটি সন্ত্রাসী সংগঠন৷
নেতানিয়াহু বলেছেন, সন্ত্রাসবাদকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই ফাতাহ ও হামাস ঐক্যবদ্ধ হয়েছে৷ হামাস একটি সন্ত্রাসী সংগঠন৷ এটি ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়েছে৷ আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্যই সংগঠনটির সঙ্গে কোলাকুলি করতে পারে না৷