ফিলিস্তিনের জন্য নয় কোটি ডলার মার্কিন সহায়তা ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনিদের উন্নয়নে আট কোটি ৮৬ লাখ ডলারের অর্থসহায়তা ছাড় করেছেন মার্কিন আইনপ্রণেতারা। ছয় মাসেরও বেশি সময় ধরে ওই সহায়তা তহবিল আটকে রাখা হয়েছিল।ওই তহবিল ছাড়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের দুজন জ্যেষ্ঠ সদস্য তাঁদের বিরোধিতা প্রত্যাহার করে নেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো। তাঁদের একজন হলেন ইলিনা রস-লেটিনেন। তিনি বলেন, ছাড় করা ওই অর্থ কোনোমতেই হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় যেতে দেওয়া উচিত হবে না। এ ছাড়া বাকি পাঁচ কোটি ৮৬ লাখ ডলারের অর্থসহায়তা আটকে রাখা হবে বলেও তিনি ঘোষণা দেন। পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতির দায়িত্বে থাকা রস-লেটিনেন এক চিঠিতে বলেন, ওই অর্থ জঙ্গিদের হাতে চলে যেতে পারে বলে তাঁর আশঙ্কা রয়েছে। তিনি বলেন, তাঁর বিশ্বাস পশ্চিমতীরে রাস্তা নির্মাণ, ব্যবসা-বাণিজ্য বা পর্যটন খাতের উন্নয়নেও ওই অর্থ ব্যবহার করা হবে না। ধারণা করা হচ্ছে, খাদ্য, পানিপ্রকল্প ও স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য ওই অর্থ বরাদ্দ করা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা চালানোর পর মার্কিন আইনপ্রণেতারা ওই উন্নয়ন-সহায়তা আটকে দেন। অবশ্য ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। বিবিসি।