ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হামদাল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষাবিদ রামি হামদাল্লাহকে নিয়োগ করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল রোববার তাঁর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে হামদাল্লাহর নাম ঘোষণা করেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রামি হামদাল্লাহর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস।

এ ব্যাপারে হামদাল্লাহ বলেন, ‘প্রেসিডেন্ট আব্বাস আমাকে নতুন সরকার গঠন করতে বলেছেন। আমি তাঁর প্রস্তাব গ্রহণ করেছি।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরবর্তী প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহকে আমরা স্বাগত জানাই।’

তবে হামদাল্লাহর নিয়োগের নিন্দা জানিয়েছেন গাজা উপত্যকার কর্তৃপক্ষ হামাস। হামাসের মুখপাত্র ফাওজিয়া বারহাউম বলেন, ‘আব্বাসের উচিত গত মাসে কায়রোতে হওয়া চুক্তি বাস্তবায়ন করা। কিন্তু তিনি তা না করে নিজের পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেছেন।’ আব্বাসের এই পদক্ষেপকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে হামাস।

গত মাসে ফাতাহ ও হামাস একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের বিষয়ে এক মত হয়েছিল। তবে এখন হামাস বলছে, হামদাল্লাহর নিয়োগ তাদের ওই সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করবে।
রামি হামদাল্লাহ যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। পশ্চিম তীরে অবস্থিত আল নাজর ন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে তাঁর খুব কমই পরিচিতি রয়েছে। তিনি ফাতাহর একজন সদস্য। রাজনীতি বা সরকার পরিচালনায় তাঁর কোনো পূর্ব-অভিজ্ঞতা নেই।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পদত্যাগ করা প্রধানমন্ত্রী সালাম ফায়েদের স্থলাভিষিক্ত হবেন হামদাল্লাহ। চলতি বছরের এপ্রিলে পদত্যাগ করেন ফায়েদ।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের সঙ্গে সালাম ফায়েদের বিরোধ চলছিল। ফায়েদ ব্যক্তিগতভাবে আব্বাসের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত ফায়েদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকতে অনুরোধ করেন প্রেসিডেন্ট।
এরপর থেকে অর্থনৈতিক নীতিমালা নিয়ে ফায়েদের সঙ্গে আব্বাসের বিরোধ চরম আকার ধারণ করে। তখন থেকে ফায়েদের পদত্যাগের গুজব রটে। তবে শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি। ২০০৭ সাল থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন ফায়েদ।