
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরুর প্রাক্কালে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরও বসতি স্থাপনসহ কয়েকটি পদক্ষেপে নতুন করে উত্তেজনা ও ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলে বন্দী ২৬ জন ফিলিস্তিনি নাগরিককে মুক্তির ঘোষণা দিয়ে তাঁদের নাম গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে এক হাজার ১৮৭টি বসতি নির্মাণের সিদ্ধান্ত অনুমোদন করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের অভিযোগ, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ‘প্রতিহত’ করতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তবে অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বলছে, তারা নিজ ভূখণ্ডেই এসব বসতি স্থাপন করবে। ফিলিস্তিনিদের তীব্র বিরোধিতার মুখে ২০১০ সালে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন বন্ধ রাখা হয়েছিল। ১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে সেখানে অন্তত ১০০টি বসতি স্থাপন করে প্রায় পাঁচ লাখ ইহুদির আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের বসতি নির্মাণ অবৈধ। বৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে জেরুজালেমে কাল বুধবার মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। ইসরায়েল জানায়, দীর্ঘদিন ধরে বন্দী মোট ১০৪ জন ফিলিস্তিনিকে চার দফায় মুক্তি দেওয়া হবে। তাঁদের মধ্যে প্রথম দফায় ২৬ জন আজ মঙ্গলবার মুক্তি পাচ্ছেন। তাঁদের ১৪ জন গাজা উপত্যকায় এবং ১২ জন পশ্চিম তীরে ফিরে যাবেন। শান্তি আলোচনা অব্যাহত রাখার স্বার্থে বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে গতকাল মন্তব্য করেন ফিলিস্তিনি মধ্যস্থতাকারী সায়েব এরেকাত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতায় দীর্ঘ বিরতির পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সমঝোতার লক্ষ্যে সম্প্রতি আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রথম দফা আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে। এ আলোচনা আবার শুরুর জন্য শর্ত হিসেবে ফিলিস্তিন ওই বন্দীদের মুক্তির দাবি জানিয়ে আসছিল। তাঁদের মুক্তি দেওয়া হলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আলোচনায় ফেরার জন্য একধরনের চাপে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি ওই বন্দীদের মুক্তি দেওয়ার উদ্যোগের কথা গত রোববার রাতে জানানো হয়। অধিকাংশ বন্দীকে ‘হত্যাকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ১৯৯৪ সালের আগে থেকে আটক রাখা হয়। তাঁদের মুক্তি দেওয়ার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ হোমের নেতা ও আবাসনমন্ত্রী ইউরি অ্যারিয়েল বলেন, কারাগারেই ‘সন্ত্রাসীদের’ স্থান হওয়া উচিত। এই হত্যাকারীদের মুক্তি দিলে শান্তি-প্রক্রিয়ায় কী অগ্রগতি হবে, তা স্পষ্ট নয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।