পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মাসুদুর রহমান বলেছেন, ‘ফিলিস্তিনের মানুষ ইসরায়েলের জায়নবাদী সরকারের সহিংসতার মুখোমুখি হয়েছে। যদি আমরা এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে ব্যর্থ হই, তো শুধু ওই অঞ্চলে না, সারা বিশ্বেই অস্থিতিশীলতা ও অনিরাপত্তা থাকবে।’
২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতিসংঘ সমিতি আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে মূল প্রবন্ধ পাঠকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেন, এই দিনে জনমতের বিরুদ্ধে গিয়ে বিশ্ব মোড়লেরা ফিলিস্তিনের ভূমি ভাগ করে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুপ এস রামাদানের পক্ষে তাঁর জনসংযোগ কর্মকর্তা ইফতেখারুল আমিন বক্তব্য পাঠ করেন। রাষ্ট্রদূতের পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতার পর বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ফিলিস্তিনকে সহযোগিতা ও সমর্থন দিয়েছে।
সম্মেলনে বাংলাদেশ জাতিসংঘ সমিতির সভাপতি বিচারপতি কাজী এবাদুল হক, মহাসচিব সৈয়দ মোহাম্মদ শাহেদ প্রমুখ বক্তব্য দেন।