ফুঁসে উঠছে কাশ্মীর: কারফিউ ভেঙে নারীরাও রাস্তায়
আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। পুলিশের গুলিতে সেখানে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। গত বুধবার বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম নেতা সাঈদ আলী গিলানি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানালেও গতকালও সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেখানে ট্রেন চলাচল ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল কারফিউ ভেঙে পুরুষদের পাশাপাশি নারীরাও রাস্তায় নেমে আসেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীরে আবার এ ধরনের ‘অবিবেচনাপ্রসূত সহিংসতা’ হলে সেখানে আরও প্রাণহানি হতে পারে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, গত বুধবার সন্ধ্যায় কারফিউ ভেঙে বিচ্ছিন্নতাবাদীরা রাস্তায় নামলে নিরাপত্তাকর্মীরা তাঁদের ওপর গুলি চালান। এ সময় দুই বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর জের ধরে গতকাল রাজধানী শ্রীনগরের রাস্তায় পুরুষদের পাশাপাশি মহিলারাও নেমে আসেন। তাঁদের সঙ্গে পুলিশের বেশ কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ শর্মা বলেছেন, তাঁরা প্রতিদিন কাশ্মীরে ২৪ লাখ লিটার পেট্রোলিয়াম সরবরাহ করেন। কিন্তু চলমান উত্তেজনায় নিরাপত্তাজনিত কারণে গত সোমবার থেকে তাঁরা সেখানে জ্বালানি সরবরাহ করতে পারছেন না। অন্যদিকে, ভারতের রেল বিভাগ বলেছে তারা কাশ্মীর উপত্যকায় অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ রেখেছে। অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আর এস ঘেরা বলেছেন, কাশ্মীরের সোপোরে শহরের একটি ট্রেন স্টেশনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর প্রায় ১৫০০ রেলকর্মী নিরাপত্তাজনিত কারণে কাজে যোগ দিচ্ছেন না। তিনি বলেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁরা ট্রেন চালু করতে পারবেন না।এদিকে, গতকাল পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘অবিবেচনাপ্রসূত’ এসব সহিংসতা কাশ্মীরে নিহতের সংখ্যা বাড়িয়ে দিতে পারে। তিনি কাশ্মীরের সাধারণ মানুষকে তাঁদের তরুণ ছেলেমেয়েদের কারফিউ ভেঙে রাস্তায় নামা থেকে বিরত রাখার অনুরোধ জানান। এএফপি।