ফুকুশিমা কেন্দ্র মেরামতে ৪৭ কোটি ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে সৃষ্ট ছিদ্র থেকে তেজস্ক্রিয় পানি বের হওয়া বন্ধে কয়েক শ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান সরকার। তা হতে পারে ৪৭ কোটি ৩০ লাখ ডলার।
দেশটির সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই মুখপাত্র জানান, ছিদ্রের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এটা মেরামতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি সরকার অনুধাবন করতে পেরেছে। এই প্রকল্পে সরকার ৪৭ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ করবে।
২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শীতলকরণ ব্যবস্থায় সৃষ্ট ছিদ্র থেকে ব্যাপকভাবে তেজস্ক্রিয় পানি বের হওয়ার কারণে পারমাণবিক কেন্দ্রটি পরিচালনা ঝুঁকির মধ্যে পড়েছে।