ফুকুশিমা কেন্দ্রে তেজস্ক্রিয়তা আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিপর্যয়কবলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফুকুশিমার ভূগর্ভস্থ পানিতে বিপজ্জনক তেজস্ক্রিয়তার মাত্রা আরও বেড়েছে। গত আগস্ট মাসে ৩০০ টন বিষাক্ত পানি নিঃসৃত করা একটি ট্যাংকের কাছে এটি ঘটেছে বলে ফুকুশিমার পরিচালনাকারীপ্রতিষ্ঠান টেপকো জানিয়েছে।
টেপকো বলেছে, গত বৃহস্পতিবার একটি কূপ থেকে সংগৃহীত পানির নমুনায় লিটারপ্রতি চার লাখ বেকেরেল বিটা রশ্মি নির্গতকারী উপাদান ছিল। ২০১১ সালের মার্চে সুনামি ও ভূমিকম্পের কারণে ফুকুশিমায় দুর্ঘটনা ঘটার পর থেকে এটাই সর্বোচ্চ তেজস্ক্রিয়তার মাত্রা। এর আগের কয়েক দিনের নমুনায় মাত্র ৬০ থেকে ৯০ বেকেরেল তেজস্ক্রিয়তা ছিল। তেজস্ক্রিয় ট্রাইটিয়ামের মাত্রাও রেকর্ড সাত লাখ ৯০ হাজার বেকেরেলে উঠেছে।
গত আগস্টে ওই জলাধারটিতে ছিদ্র হওয়ার ঘটনা ধরা পড়ে। টেপকো বলেছে, তখন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত ট্যাংক থেকে দূষিত পানি অন্যত্র সরিয়ে নেওয়া। এএফপি।