ফুকুশিমা থেকে জ্বালানি দণ্ড অপসারণ শুরু
জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লি থেকে ঝুঁকিপূর্ণ জ্বালানি দণ্ড অপসারণের কাজ গতকাল সোমবার শুরু হয়েছে। কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) জানায়, ফুকুশিমার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টেপকো জানায়, চুল্লি ভবনের ৪ নম্বর ইউনিটের একটি সংরক্ষণাগার থেকে প্রথমে ২২টি জ্বালানি দণ্ড অপসারণে দুই দিনের বেশি লাগতে পারে। আর সার্বিক ঝুঁকি এড়াতে অন্তত দেড় হাজার দণ্ড অপসারণ করতে হবে। এতে এক বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে। এসব দণ্ডের প্রতিটি চার মিটার লম্বা এবং ভেতরে রয়েছে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম জ্বালানি। আশঙ্কা করা হচ্ছে, এসব দণ্ডের কয়েকটি ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে।
ভূমিকম্প ও সুনামির আঘাতে ২০১১ সালে মারাত্মক বিপর্যস্ত হয় ফুকুশিমা। সেখানকার শীতলীকরণ ব্যবস্থা নষ্ট হয় এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ আংশিকভাবে ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, তখন হাইড্রোজেন বিস্ফোরণের ফলে ফুকুশিমার সংরক্ষণাগার অরক্ষিত হয়ে পড়ে। তাই আবার ভূমিকম্প হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে কয়েক দশক লাগতে পারে। এএফপি ও বিবিসি।