ফুকুশিমা থেকে জ্বালানি রড অপসারণের প্রস্তুতি চলছে
জাপানের পরমাণু প্রকৌশলীরা দুর্ঘটনাকবলিত ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র থেকে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম জ্বালানি রড অপসারণের প্রস্তুতি নিচ্ছেন। দুই বছর আগে ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমার পারমাণবিক চুল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে এটাই হবে সবচেয়ে কঠিন ও বিপজ্জনক কাজ।
ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) এ মাসেই একটি চুল্লি ভবনে রক্ষিত চৌবাচ্চা থেকে জ্বালানি রড সরিয়ে নেওয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে। কারিগরিভাবে এটি খুব সূক্ষ্ম ও জটিল কাজ।
টেপকোর মুখপাত্র মাইয়ুমি ইয়োশিদা বলেন, এ কাজটি খুবই জরুরি। চুল্লিগুলো বন্ধ করে দেওয়ার পথে এটি হবে প্রথম বড় পদক্ষেপ।’
মেরামত কার্যক্রমে গত কয়েক মাসে একের পর এক সমস্যার প্রেক্ষাপটে এ কাজটির মাধ্যমে টেপকোর দক্ষতা ও যোগ্যতা আরেক দফা পরীক্ষার মধ্যে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, জটিল হলেও পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় এটি একটি অপরিহার্য কাজ। তবে আরও পরে যে কাজ করতে হবে, তার তুলনায় আবার এটি নগণ্য। প্রকৌশলীদের অচল হয়ে পড়া তিনটি চুল্লির একেবারে কেন্দ্রের উপাদান সরিয়ে নিতে হবে। এ জন্য যে ধরনের প্রযুক্তি প্রয়োজন হবে, তার পুরোটা প্রকৌশলীদের হাতেও নেই এখন।
প্রকৌশলীদের এখন ১৫ শতাধিক পরমাণু জ্বালানি রড জমা রাখার চৌবাচ্চা থেকে সরিয়ে নিতে হবে। ২০১১ সালের মার্চে সুনামি আঘাত হানার সময় থেকে রডগুলো সেখানে আছে। ওই রডগুলো যে চুল্লির (৪ নম্বর), সেটি তখন সচল ছিল না। তবে ৩ নম্বর চুল্লি থেকে হাইড্রোজেন বের হয়ে সেটিতে ঢুকে পড়ে। সেই হাইড্রোজেনের বিস্ফোরণে ৪ নম্বরের ছাদ উড়ে যায়। এখন ক্ষতিগ্রস্ত চুল্লিটির ভাগ্য আরেকটি ভূমিকম্প, ঝড় বা সুনামির দয়ার ওপর নির্ভর করছে। এএফপি।